https://ift.tt/eA8V8J
ঢাকা, ২০ জুন- রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী। সকাল ১০টায় হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে সঙ্গে সঙ্গে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়নি। কামাল লোহানীর ছেলে ফ্রিজিং ভ্যান নিয়ে আসলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হবে। শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ এসব জানিয়েছে। গণমাধ্যমকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, করোনায় আক্রান্ত কামাল লোহানীর তীব্র নিউমোনিয়া, হাইপার টেনশন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হার্টে সমস্যা, হার্ট ফেইলিওরসহ আরও অন্যান্য সমস্যা ছিল। যা চিকিৎসা প্রয়োজন ছিল, দিয়েছি। একপর্যায়ে তার ব্লাড প্রেশার আর উঠছিল না, হার্ট, লাং কাজ করছিল না। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সকাল ১০টায় অফিসিয়ালি তাকে মৃত ঘোষণা করি। তিনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন। আমরা অত্যন্ত মর্মাহত ও শোকাহত। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন আরও বলেন, শুক্রবার বিকেল ৫টার সময় হাসপাতালে এসেছিলেন। আর মারা গেলেন আজ শনিবার সকাল ১০টায়। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ওনার ছেলে তার সঙ্গে ছিল। তার ছেলের সঙ্গে আমরা আলাপ করেছি। উনি ২ ঘণ্টা সময় নিয়েছেন। আমরা এখনও লাইফ সাপোর্ট খুলিনি। সম্ভবত তারা ফ্রিজিং ভ্যান নিয়ে আসছেন। তখন আমরা লাইফ সাপোর্ট খুলে দেব। তার ছেলে গাড়ি নিয়ে আসলে আমরা নামিয়ে দেব। করোনায় আক্রান্ত হয়ে ও বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল লোহানীর মৃত্যু হয়। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেন। ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন কামাল লোহানী। কামাল লোহানী হিসেবে পরিচিত হলেও, তার পুরো নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর তিনি আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুইবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন কামাল লোহানী। এছাড়া তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে চার বছর করে দায়িত্ব পালন করেন। সূত্র : জাগো নিউজ এম এন / ২০ জুন
https://ift.tt/3ejTfnI

0 Comments