https://ift.tt/eA8V8J
বগুড়া, ১৯ জুন- বগুড়ায় নতুন করে ১০৫ জনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৯২৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। বগুড়া স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সকাল ১১টায় অনলাইনে ব্রিফ করেন। ব্রিফিংয়ে তিনি ১৮ জুন জেলার দুটি পিসিআর ল্যাবে পরীক্ষার ফলাফল এবং তার বিশ্লেষণ তুলে ধরেন। ডা. তুহিন জানান, ১৮ জুন বগুড়ায় সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে মোট ৩৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। শজিমেক পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৫৮টির নমুনার মধ্যে ৩০টি পজিটিভ এবং টিএমসির ল্যাবে ১৭৫টির মধ্যে পজিটিভ এসেছে ৭৫টি। তিনি জানান, আক্রান্তদের মধ্যে চিকিৎসক, ব্যাংকারসহ নানা পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৭০ জন পুরুষ, ৩৩ জন নারী ও ২ শিশু রয়েছে। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের নিচে। ১৮ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন ৫৩ জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১৭ জন। ৩০ জনের বয়স ৫১ থেকে ৭০ বছরের মধ্যে এবং বাকি ৩ জনের বয়স ৭০ বছরের বেশি। উপজেলাওয়ারী হিসাবে আক্রান্তদের মধ্যে ৬৮ জনের বাড়ি বগুড়া সদর উপজেলায়। অন্যান্য উপজেলার মধ্যে সোনাতলায় ১৫ জন, শাজাহানপুরে ৮ জন, শিবগঞ্জে ৩ জন,গাবতলীতে ৩ জন, শেরপুরে ২ জন, দুপচাঁচিয়ায় ২ জন এবং কাহালু, আদমদীঘি, নন্দীগ্রাম ও ধুনট উপজেলায় আরও একজন করে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে একে একে পুলিশ, চিকিৎসক, নার্স, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যাংকার ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ সংক্রামক ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ায় এ পর্যন্ত ১৩ হাজার ৪৮৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১১ হাজার ৩১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত ১ হাজার ৯২৩ জনের মধ্যে ১৯৫ জন সুস্থ হয়েছেন আর ২৭ জন মৃত্যুবরণ করেছেন। সূত্র : সমকাল এম এন / ১৯ জুন
https://ift.tt/3hGljDO

0 Comments