করোনার মাঝেই ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন সানা মীর

https://ift.tt/eA8V8J
ইসলামাবাদ, ২৬ এপ্রিল - করোনার সর্বগ্রাসী প্রভাব থেকে মুক্ত নয় ক্রিকেটাঙ্গনও। অনেকেরই হয়তো ক্যারিয়ার পড়ে গেছে অনিশ্চয়তায়, অনেককেই ভাবতে বাধ্য করছে নতুন করে। ভাবনার এই রেশটা বিদায় পর্যন্ত নিয়ে গেল পাকিস্তানের হয়ে ১৫ বছর ক্রিকেট খেলা সানা মীরকে। দেশের অনেক সাফল্যের কারিগর ৩৪ বছর বয়সী এই নারী ক্রিকেটার আজ (শনিবার) অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। দীর্ঘ ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সানা মীর। সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে। এছাড়া ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন ১৩৭ ম্যাচে। মূলত অফস্পিনিং অলরাউন্ডার ছিলেন সানা মীর। পাকিস্তানের জার্সিতে ১২০ ওয়ানডেতে ১৫১ এবং ১০৬ টি-টোয়েন্টি খেলে ৮৯ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাটিংয়েও খারাপ ছিলেন না। ওয়ানডেতে ৩টি হাফসেঞ্চুরিসহ ১৭.৯১ গড়ে ১৬৩০ রান এবং টি-টোয়েন্টিতে ১৪.০৭ গড়ে ৮০২ রান এসেছে মীরের উইলো থেকে। ২০০৫ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সানা মীরের। ২০১৮ সালে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর বোলার হয়েছিলেন। এছাড়া নারী ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেই অবসরে যাচ্ছেন এই অফস্পিনার। উইজডেরে দশকসেরা নারী অধিনায়ক হওয়ার গৌরবও আছে তার। বিদায়বেলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়, গ্রাউন্ডসস্টাফসহ যারা ক্যারিয়ারের সুদীর্ঘ পথচলায় পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সানা মীর। সর্বদা সমর্থন দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার এবং ব্যক্তিগত কোচকেও। অবসরের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, গত কয়েকটি মাস আমাকে এটা নিয়ে ভাবার সুযোগ দিয়েছে। আমি মনে করছি, নিজেকে সামনে নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। আমার বিশ্বাস, দেশ এবং এই খেলাটার জন্য আমি নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে অবদান রাখতে পেরেছি। সূত্র : জাগো নিউজ এন এইচ২৬ এপ্রিল
https://ift.tt/2KC4c6J

Post a Comment

0 Comments