এবার ৩৯ যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে বাস এলো সিলেটে

https://ift.tt/eA8V8J
সিলেট, ২৪ এপ্রিল - ধানকাটার শ্রমিক পরিবহনের নামে পটুয়াখালী থেকে ৩৯ জন যাত্রী নিয়ে লকডাউনের মধ্যে এবার সিলেট এসেছে একটি বাস। নারীসহ ১১ যাত্রীকে রেখে পালানোর সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ওসমানীনগর থেকে অগ্রদূত পরিবহনের ওই বাসকে জব্দ করে পুলিশ। পুলিশসহ একাধিক সূত্রে জানা গেছে, পটুয়াখালী থেকে বুধবার রাতে ছেড়ে আসা বাসটি বৃহস্পতিবার রাত ৯টায় ১১ যাত্রী নিয়ে সিলেট নগরের কদমতলী এসে পৌঁছে। যাত্রীদের সবাই নবীগঞ্জ ও কানাইঘাট থানার বাসিন্দা। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই যাত্রীদের রেখে বাসটি পালিয়ে যায়। পরে পুলিশ ওসমানীনগর থানার সাথে যোগাযোগ করলে শেরপুরে চেকপোস্ট বসিয়ে বাসটি এবং চালকসহ ২৫ জনকে আটক করে। এ সময় তাদের সাথে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হকের দেয়া একটি প্রত্যয়নপত্র পাওয়া যায়। আবু হাসনাত মো. শহিদুল হক বাসটিকে পরিবহনের অনুমতি দেন বলে জানা গেছে। এ ব্যাপারে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে তার মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তার কার্যালয়ে ফোন দেয়া হলেও ফোনটি রিসিভ করেন নিরাপত্তাপ্রহরী আবদুল্লাহ আল মামুন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ৩৯ জনকে পরিবহনের অনুমতি দেয়া হয়েছে বলে তিনি জানান। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফুর রহমান বলেন, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যায়। এর আগেই বাসটি পালিয়ে যায়। পরে পুলিশ ওসমানীনগর থানার সাথে যোগাযোগ করে বাসটি জব্দ করা হয়। তিনি জানান, কদমতলীতে রেখে যাওয়া নারীসহ ১১ যাত্রীকে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে পুলিশ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৪ এপ্রিল
https://ift.tt/2VyEGFS

Post a Comment

0 Comments