https://ift.tt/eA8V8J
ক্যানবেরা, ২৪ এপ্রিল - ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চেরই তো সবচেয়ে বেশি রোমাঞ্চ থাকার কথা। পরিস্থিতির কারণে সেই রোমাঞ্চ নেই। বরং অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন, টুর্নামেন্ট স্থগিত হতে পারে সেটা মাথায় আছে তাদের। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি। হাতে এখনও অনেকটা সময় আছে। তারপরও ভরসা পাচ্ছেন না অ্যারন ফিঞ্চ। অসি অধিনায়ক বলেন, আমার মনে হয় এটা আমাদের মাথায় রাখতে হবে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপটা সম্ভবত এক, দুই, তিন মাস কিংবা আরও বেশি সময়ের জন্য স্থগিত হয়ে যেতে পারে। তিনি যোগ করেন, তবে যদি খেলা শুরু করা যায় এবং চলে, তবে দর্শক থাকুক আর না থাকুক, মনে হয় না খেলোয়াড়দের জন্য সেটা কোনো ব্যাপার হবে। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে দর্শক ছাড়াই খেলেছি। প্রথম চার-পাঁচ ওভার সত্যিই অদ্ভুত লাগছিল। তবে পরে ঠিক হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টসন অবশ্য এখন পর্যন্ত টুর্নামেন্টটি শিডিউল অনুযায়ীই আয়োজন করতে বদ্ধপরিকর। তবে তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সরকারের নির্দেশনা শুনবেন তারা। অস্ট্রেলিয়া সরকার করোনার বিস্তার রোধে একটু বেশিই সতর্ক। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য সীমান্ত লকডাউন করে দিয়েছে তারা। এই অবস্থায় যদি করোনার প্রভাব কমেও যায়, সব কিছু গুছিয়ে সময়মতো বিশ্বকাপ আয়োজন করা কঠিনই হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৪ এপ্রিল
https://ift.tt/2zrqHJs

0 Comments