https://ift.tt/eA8V8J
সিলেট, ২০ এপ্রিল - সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেছেন। রোববার (১৯ এপ্রিল) সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরীক্ষায় নিজের ঠিকানা খাদিমপাড়ায় উল্লেখ করলেও ওই ঠিকানায় গিয়ে স্থানীয় চেয়ারম্যান জানতে পারেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি সেখানে নয়। খাদিমপাড়ার টিকরপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি। তবে করোনা আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে টিকরপাড়ায় নেই বলে দাবি করছেন তার শ্বশুরবাড়ির লোকজন। এদিকে, করোনা শনাক্ত হওয়ার আগ পর্যন্ত আক্রান্ত ওই ব্যক্তি টিকরপাড়ার তার শ্বশুরবাড়িতে ছিলেন বলে জানিয়েছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মছব্বির। এ বিষয়ে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়ি টিকরপাড়ায় নয়। এখানে তার শ্বশুরবাড়ি। গত ৮-১০ দিন ধরে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। তিনি পেশায় একজন টমটমচালক। শ্বশুরবাড়িতে থেকেই তিনি টমটম চালাতেন। চেয়ারম্যান আফসর আরও বলেন, রোববার রাতে যখন জানাজানি হয় ওই ব্যক্তি করোনা আক্রান্ত, তখন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার শ্বশুরবাড়ির লোকজন বলছেন এখানে নেই। ধারণা করা হচ্ছে- তাকে শ্বশুরবাড়ির লোকজন লুকিয়ে রেখেছেন। রোববার দিবাগত রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই রোগীকে পুলিশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় লোকজন খুঁজছিলেন। এর আগে রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে ১৯ জনের করোনা পরীক্ষায় ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। অপর ১৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ৩৭ বছরের ওই ব্যক্তির ইচ্ছায় করোনাভাইরাাসের উপসর্গ ছাড়াই করোনা পরীক্ষা করা হয়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ এপ্রিল
https://ift.tt/3ewqc0R

0 Comments